সাংবাদিককে খবর দেওয়ায় লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের কৌটা দেখে সাংবাদিকদের খবর দেওয়ায় এক ব্যক্তিকে লাঞ্ছিত করেছেন ক্যাম্পেইনের কর্মীরা। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনার তিনজন প্রত্যক্ষদর্শী জানান, ক্যাম্পেইন চলাকালে নগরের ১৬ নম্বর ওয়ার্ডের মথরডাঙ্গা এলাকায় একটি কেন্দ্রে শিশুকে সঙ্গে নিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াতে আসেন মিজান উদ্দিন। তিনি নগরের জিন্নানগর এলাকার বাসিন্দা। তিনি দেখতে পান, যে কৌটা থেকে ক্যাপসুল বের করা হচ্ছে তার মেয়াদ ২০১০ সালেই শেষ হয়ে গেছে। তিনি এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানান। একপর্যায়ে তিনি বিষয়টি সাংবাদিকদের জানান। এর কিছুক্ষণ পরেই কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হন। এ সময় ক্যাম্পেইন আয়োজকেরা সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে বিতরণের সুবিধার জন্য তাঁরা পুরোনো কৌটা ব্যবহার করেছেন। আসলে ক্যাপসুল মেয়াদোত্তীর্ণ নয়।
সাংবাদিকেরা চলে যাওয়ার পরপরই আয়োজকদের কয়েকজন মিজান উদ্দিনের ওপরে চড়াও হন। এ সময় তাঁরা টেনেহিঁচড়ে মিজান উদ্দিনকে একটি ঘরের ভেতরে ঢোকানোর চেষ্টা করেন।
স্থানীয় কাউন্সিলর বেলাল আহম্মেদ বলেন, আসলে ওষুধ মেয়াদোত্তীর্ণ নয়। বিতরণের সুবিধার্থে পুরোনো কৌটা ব্যবহার করা হয়েছে। আর মিজান উদ্দিনকে লাঞ্ছিত করার বিষয়টি তিনি জানেন না।
এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ এফ এম আঞ্জুমান আরা বেগম বলেন, ‘এটা একটা ভুল বোঝাবুঝি। ওই কৌটা তাঁদের ব্যবহার করা উচিত হয়নি।’