সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
রংপুরের বদরগঞ্জে আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এ সালাম বিশ্বাসকে গত রোববার দুপুরে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ওই দিন রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এম এ সালাম বিশ্বাস অভিযোগ করেন, উপজেলার কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অহিদুল হক স্থানীয় নাগেরহাট ইজারা নিয়ে বিধিবহিভূর্তভাবে হাটের সরকারি জায়গার গাছ কাটাসহ পাকা দোকানঘর তুলে প্রতিটি দেড় থেকে তিন লাখ টাকায় বিক্রি করছেন। এ-সংক্রান্ত একাধিক সংবাদ ‘আমার দেশ’ অনলাইনসহ স্থানীয় বিভিন্ন দৈনিকে প্রকাশিত হলে অহিদুল হক তাঁর ওপর ক্ষিপ্ত হন। হাটের গাছ কাটার অভিযোগ তদন্তের জন্য গত রোববার সকালে ভূমি কার্যালয়ের তহশিলদার আকতারুজ্জামান সেখানে যান। পরে অহিদুল হক বন্ধু জামানসহ ছয়-সাতজনকে নিয়ে নাগেরহাট বাজারের একটি চায়ের দোকানে গিয়ে তাঁকে (সালাম) বসা দেখতে পান। সেখানে তাঁকে কিলঘুষি মারতে মারতে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করেন। এরপর পাশের একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে তিন ঘণ্টা ধরে নির্যাতন করেন।