সাংবাদিককে ছাত্রলীগ কর্মীর মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মী এক সাংবাদিককে মারধর করেছেন। এ ঘটনায় গতকাল সোমবার আহত সাংবাদিক প্রক্টরের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত সাংবাদিকের নাম আবু রায়হান। তিনি অনলাইন সংবাদমাধ্যম বিডি প্রেস ডট নেটের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। রায়হান নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ব্যক্তি বলেন, গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিশ মাইল এলাকায় ছাত্রলীগের কর্মী শরীফ হোসেন ওরফে লস্করের নেতৃত্বে পাঁচ-ছয়জন যুবক স্টাম্প দিয়ে রায়হানকে পেটান। আহত অবস্থায় রায়হানকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
রায়হান বলেন, তিনি বিশ মাইল হয়ে ক্যাম্পাস-সংলগ্ন সেনওয়ালিয়া যাচ্ছিলেন। এ সময় শরীফসহ কয়েকজন তাঁর দিকে এগিয়ে আসেন। এরপর হঠাৎ মারধর শুরু করেন। মারধরের কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না।
শরীফ হোসেন মুঠোফোনে বলেন, কিছুদিন আগে পোষ্য কোটার শিক্ষার্থীদের নিয়ে রায়হান বাজে মন্তব্য করেছেন। এ ঘটনায় তিনি কষ্ট পেয়েছেন। তাই এলাকায় পেয়ে রায়হানকে মারধর করা হয়। তবে এ জন্য তিনি দুঃখিত।
শরীফ ২০১২-১৩ শিক্ষাবর্ষে পোষ্য কোটায় নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হন।
শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের সভাপতি নওশাদ আলম বলেন, ক্যাম্পাসের রাজনীতির সঙ্গে মারধরের কোনো সম্পর্ক নেই।
প্রক্টর তপন কুমার সাহা জানান, মারধরের ঘটনায় একটা লিখিত অভিযোগ পেয়েছেন। প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।