সাংবাদিককে ছাত্রলীগ নেতার মারধর
নয়াদিগন্ত পত্রিকার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রতিনিধি ফারুক হোসেনকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী এম এ তাহেরের সমর্থনে রামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া গাড়িবহরের ছবি তুলতে গেলে ওই হামলা করা হয় বলে জানা গেছে।
ফারুক হোসেন বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী এম এ তাহেরের সমর্থনে রামগঞ্জ পৌরসভা ভবনের সামনে রাখা ৩৫-৪০টি গাড়ির ছবি তোলেন তিনি। এ সময় হঠাৎ মামুনুর রশিদ সাত-আটজন কর্মীকে নিয়ে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
মামুনুর রশিদ বলেন, ‘জেলা আওয়ামী লীগের সম্মেলনে আমরা গাড়িতে যাব না হেঁটে যাব, সেটা আমাদের ব্যাপার। ছবি তুলতে গেলে এ নিয়ে তাঁর (ফারুক) সঙ্গে কথা-কাটাকাটি হয়। মারধরের অভিযোগ সঠিক নয়।’