সাংবাদিককে ছিনতাইকারীর ছুরিকাঘাত
কুষ্টিয়া শহরের গড়াই নদের পাড়ে বেড়াতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিয়ামুল হক (৩০) নামের এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গড়াই নদের রেনউইক বাঁধের ওপর এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীর কবলে পড়া নিয়ামুল হক বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের কুষ্টিয়ার ক্যামেরাম্যান ও স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার নিজস্ব প্রতিবেদক। এ ছাড়া তিনি কুষ্টিয়া টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন নিয়ামুল জানান, গতকাল দুপুরে তিনি রেনউইক বাঁধে বেড়াতে যান। এ সময় সেখানে অবস্থান করা পাঁচ-ছয়জন ছিনতাইকারী তাঁকে ঘিরে ফেলে মুঠোফোন ও মানিব্যাগ দিতে বলে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর পেটে ও ডান পায়ে ছুরিকাঘাত করে। এতে তিনি পড়ে গেলে ছিনতাইকারীরা মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে চম্পট দেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়।