সাংবাদিককে পিটিয়ে আহত
সাতক্ষীরায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ইউপির চেয়ারম্যান মোশাররফ হোসেনের নেতৃত্বে তাঁকে পিটিয়ে আহত করা হয়েছে। গত রোববার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম জুলফিকার আলী। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বাঁশদাহ ইউনিয়ন প্রতিনিধি এবং বাঁশদাহ গ্রামের রাহাতুল্লাহ সরদারের ছেলে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন, সদস্য শহিদুল ইসলামসহ ১০ জনের নামে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।
রাহাতুল্লাহ সরদার জানান, কম্বল বিতরণের একটি ঘটনাকে কেন্দ্র করে বাঁশদাহ ইউপির চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেন, তাঁর ভাই এস এম মোকাররম, ইউপি সদস্য শহীদুল ইসলামসহ ১০-১২ জন জুলফিকারকে তাঁর বাড়ির সামনে পেয়ে মারধর শুরু করেন। এ সময় তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখ তুলে নেন তাঁরা। জুলফিকারের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে তাঁরা পালিয়ে যান। গুরুতর আহত জুলফিকার আলী বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছেন।
রাহাতুল্লাহ সরদার আরও জানান, কয়েক মাস আগে বাঁশদাহ এলাকায় ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মসংক্রান্ত প্রতিবেদন করেন জুলফিকার। এতে ক্ষুব্ধ হন চেয়ারম্যান মোশাররফ হোসেন ও তাঁর লোকজন। এরই জেরে রোববার রাতে তাঁকে মারধর করা হয়েছে।
এ ব্যাপারে চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। জুলফিকার আমার চাচাতো ভাই। তার সঙ্গে জমিজমাসংক্রান্ত বিরোধ রয়েছে। এসব নিয়ে দুই পক্ষের মামলা রয়েছে। তা নিয়ে তার অন্য চাচাতো ভাইদের সঙ্গে ছোটখাটো একটি ঝামেলা হয়েছে। তাকে দুটি চড় মেরেছে বলে আমি শুনেছি।’
সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, এ ঘটনায় জুলফিকারের বাবা রাহাতুল্লাহ সরদার বাদী হয়ে বাঁশদাহ ইউপির চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ ১০ জনের নামে থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।