সাংবাদিককে পিটিয়ে এলাকাছাড়া করা সেই ইউএনওকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিককে পিটিয়ে এলাকাছাড়া করা সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আসিফ বিন ইকরামকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদের নির্দেশে তাঁকে প্রত্যাহার করা হয়।

বিকেলে যোগাযোগ করলে বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মামুনুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিভাগীয় কমিশনারের নির্দেশনা সুনামগঞ্জ জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

আহত সাংবাদিক হলেন সুনামগঞ্জ শহর থেকে প্রকাশিত দৈনিক হিজল-করচের শাল্লা উপজেলা প্রতিনিধি বকুল আহমেদ তালুকদার (৪৭)। তিনি একই সঙ্গে সিলেট থেকে প্রকাশিত দৈনিক শ্যামল সিলেটের উপজেলা প্রতিনিধি। তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ​সাধীন।

আহত বকুল গত রোববার প্রথম আলোকে বলেন, শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে তাঁর একটি মুদি দোকান আছে। ওই দিন সকাল ১০টার দিকে তিনি ওই দোকানটি খোলেন। এরপর ইউএনও পুলিশ নিয়ে সেখানে যান। ইউএনও বকুলকে সামনে পেয়েই গালাগাল শুরু করে চড়-থাপ্পড় মারতে থাকেন। পরে ইউএনও পুলিশকে নির্দেশ দেন তাঁকে গ্রেপ্তার করার জন্য। একপর্যায়ে বকুল দৌড়ে সেখান থেকে পালিয়ে রক্ষা পান। বকুল অভিযোগ করেন, এরপর ইউএনও নিজে দোকানের জিনিসপত্র বাইরে ছুড়ে ফেলে দেন এবং সঙ্গে থাকা লোকজনকে নির্দেশ দেন পেট্রল নিয়ে এসে দোকানে আগুন দিতে। এরপর দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তবে নিজে মারধরের অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেন, ‘আমি হাত তুলিনি, পুলিশ তাকে কয়েকটি চড়-থাপ্পড় দিয়েছে।’

এ বিষয়ে দৈনিক হিজল-করচের নির্বাহী সম্পাদক এমরানুল হক চৌধুরী বলেন, ২২ সেপ্টেম্বর ইউএনও উপজেলায় ১০ টাকা কেজি ধরে সরকারিভাবে চাল বিক্রি উদ্বোধন করেন। শাল্লা সদর বাজারে চালের ডিলার মহাদেব সাহার দোকানে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু ঘরের বারান্দায় ওঠার স্থানটি কিছুটা উঁচু থাকায় সেখানে চালভর্তি বস্তা ফেলে সিঁড়ি উঁচু করা হয়। তখন স্থানীয় লোকজনের মধ্যে বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে দৈনিক হিজল-করচ পত্রিকায় পরদিন সংবাদ প্রকাশিত হওয়ায় ইউএনও ক্ষুব্ধ হন। এমরানুল আরও বলেন, ‘আমি ওই সংবাদের বিষয়ে কথা বলতে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় ইউএনওকে ফোন দিলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই অশালীন ভাষায় আমাকে গালমন্দ শুরু করেন। পরে আমার কথা না শুনেই সংযোগ কেটে দেন।’

এ নিয়ে গত সোমবার প্রথম আলোয় ‘সেই ইউএনও এবার সাংবাদিক পিটিয়ে এলাকাছাড়া করলেন’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হলে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের সাংবাদিকেরা মানববন্ধন করে ইউএনওকে শাল্লা থেকে প্রত্যাহারে সাত দিনের সময় বেঁধে দেন। সাংবাদিকদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ইউএনওকে প্রত্যাহার করা হলো।
আরও পড়ুন: