সাংবাদিককে পুড়িয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ পলিথিন কারখানার বিষয়ে প্রতিবেদন করতে আজ রোববার রাজধানীর চকবাজারে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি যমুনা টেলিভিশনের দুই সংবাদকর্মী। তাঁদের মধ্যে প্রতিবেদক শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

চকবাজার থানায় দায়ের করা এ-সংক্রান্ত মামলায় আবদুল জব্বার ও আবদুর রহিম নামের পলিথিন কারখানার দুই মালিকসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

মামলাটির বাদী শাকিল হাসান প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি ও চিত্রগ্রাহক শাহীন আলম অবৈধ পলিথিন কারখানার তথ্য ও ছবি সংগ্রহ করতে চকবাজার থানাধীন দেবীদাস ঘাট লেন এলাকায় যান। চিত্রগ্রাহক শাহীন একটি পলিথিন তৈরির কারখানার ছবি নিচ্ছিলেন। এ সময় নিজেদের কারখানার মালিক পরিচয় দিয়ে জব্বার ও রহিম নামের দুজন তাঁদের ছবি তুলতে বাধা দেন। বাধা পেয়ে দুই সাংবাদিক সেই জায়গা ছেড়ে অন্যদিকে হাঁটতে শুরু করেন। এ সময় হঠাৎ করে আরও ৮-১০ জনকে সঙ্গে নিয়ে জব্বার ও রহিম দৌড়ে এসে তাঁদের মারধর শুরু করেন। ক্যামেরা ও মাইক্রোফোন ভেঙে দেন। শাহীন আলমকে কিল-ঘুষি মারেন। আর শাকিলকে রাস্তায় ফেলে পেটাতে থাকেন। একপর্যায়ে জীবন বাঁচাতে শাকিল একটি মুদি দোকানের ভেতরে ঢুকে পড়েন। দোকানের ভেতরে গিয়েও শাকিলকে মারধর করা হয়। এরপর সেখানে কেরোসিনের টিন খুলে শাকিলের ওপর ঢেলে দেন জব্বার। কিন্তু তখন তাঁর কাছে দেশলাই না থাকায় তিনি অন্যদের কাছে দেশলাই খুঁজছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন লোক এসে তাঁকে উদ্ধার করেন।

পরে কেরোসিন-ভেজা জামাকাপড়েই চকবাজার থানায় গিয়ে মামলা করেন শাকিল হাসান। মামলায় জব্বার, রহিমসহ অন্যদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। তবে হামলার পর তাঁরা এলাকা ছেড়ে পালিয়েছেন।