সাংবাদিককে পেটালেন ইউপি চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে জাল সনদ ব্যবহার ও ঘুষ-বাণিজ্যের প্রতিবেদন করার অভিযোগে কালের কণ্ঠ পত্রিকার কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি আবদুর রহমানকে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুর ১২টায় মনোহরগঞ্জ উত্তর বাজারের একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটে।
আবদুর রহমান অভিযোগ করেন, গতকাল সকালে পেশাগত কাজে তিনি মনোহরগঞ্জ বাজারে যান। দুপুরের দিকে উপজেলা যুবলীগের সদস্য কামাল হোসেন ফোন করে জরুরি কথা আছে বলে কবির হোসেনের ওষুধের দোকানে যেতে বলেন। সেখানে গেলে রোগী দেখার চেম্বারের দরজা বন্ধ করে মোস্তফা কামাল প্রথমে তাঁকে গালাগাল করেন। পরে চড় দেন। একপর্যায়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এরপর আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করেন। আবদুর রহমানের অভিযোগ, বিধিবহির্ভূত কাজের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় তাঁকে পেটানো হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যান মোস্তফা কামালের মুঠোফোনে ফোন করা হলে তিনি বলেন, ‘এতবার ফোন করছেন কেন, আমি মিটিংয়ে আছি।’
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার বলেন, ‘ঘটনাটি শুনে অত্যন্ত দুঃখ পেয়েছি। তবে থানায় কোনো অভিযোগ করা হয়নি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা মোর্শেদ বলেন, ‘সাংবাদিক আবদুর রহমান আমাকে বিষয়টি জানিয়েছেন।’