সাংবাদিককে পেটালেন যুবলীগ নেতা
নাটোরের গুরুদাসপুরে এক সাংবাদিককে পৌর যুবলীগের এক নেতা পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার থানাসংলগ্ন কেন্দ্রীয় মসজিদ গেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত ওই সাংবাদিক হলেন দৈনিক ইত্তেফাক-এর উপজেলা সংবাদদাতা রাশিদুল ইসলাম (২৫)। এ ঘটনায় তিনি বাদী হয়ে গতকাল বিকেলে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলনসহ তাঁর দুই সহযোগীকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোনো কিছু বুঝে ওঠার আগেই যুবলীগের নেতা ওই সাংবাদিকের শার্টের কলার ধরে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে রাশিদুল অচেতন হয়ে সড়কে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন রাশিদুল ইসলাম অভিযোগ করেন, তিনি যুবলীগের নেতা কামরুজ্জামান মিলনের নানা অনিয়ম নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ করেছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার তাঁর (মিলন) এক আত্মীয়ের বাড়িতে একটি ধর্ষণ মামলাসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে যান। এতে ক্ষিপ্ত হয়ে মিলন গতকাল দুপুরে তাঁর ওপর হামলা চালান।
এদিকে কামরুজ্জামান মিলন বলেন, সংবাদের বিষয় নিয়ে রাশিদুলের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে মাত্র।