সাংবাদিককে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের সাংবাদিক নিয়াজ আহম্মেদকে (২৬) প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি গতকাল সোমবার কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
নিয়াজ আহম্মেদ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সদরের তুষভান্ডার এলাকার বাসিন্দা। তিনি নিউজ বাংলাদেশ ও রংপুরের উত্তরবাংলা ডট কম—এ দুটি সংবাদমাধ্যমের লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
নিয়াজ বলেন, সংবাদ সংগ্রহের কাজে তিনি জেলার কাকিনায় ছিলেন। দুপুর ১২টা ৪৮ মিনিটে ০১৭৩৫৮৮২৯৮৬ ও বেলা ২টা ২৬ মিনিটে ০১৭৬৭২১০৮৪০ নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। এ সময় তাঁকে গালাগাল করে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা।
সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন লালমনিরহাট মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। তিনি দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, এ ঘটনায় নিয়াজ নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।