সাংবাদিককে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে টাকা নেওয়ার প্রতিবাদ করায় যমুনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি ও টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন জেলা পরিষদের এক সদস্য। গত বুধবার দুপুরে নাজমুলকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেন জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আলী আকবর। এ ঘটনায় সাংবাদিক নাজমুল গতকাল বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাংবাদিক নাজমুল বলেন, গত বুধবার তাঁর (নাজমুল) বাবা ও বোন জনৈক হাসান আলীর কাছে জমি বিক্রি করেন। জমি ক্রয়-বিক্রয়ের পর হাসান আলীর কাছ থেকে দলীয় ছেলেদের হাতখরচার কথা বলে ভয়ভীতি দেখিয়ে ১৭ হাজার টাকা আদায় করেন আলী আকবর। বিষয়টি জানার পর তিনি টাকা নেওয়ার ঘটনাটি তুলে ধরে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে বুধবার বেলা ১১টা ৫৪ মিনিটে ফেসবুকে দেওয়া পোস্ট নিয়ে তাঁর ও আলী আকবরের মধ্যে মুঠোফোনে কথা হয়। এ সময় আলী আকবর তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, ‘তুই কত বড় সাংবাদিক হয়েছিস, আমি দেখে নেব। কানাইখালি আসলে তোকে মারপিট করা হবে।’ এ ছাড়া ওই সাংবাদিককে মামলা দিয়ে ফাঁসানোরও হুমকি দেন আলী আকবর। এ ঘটনায় নাজমুল গতকাল দুপুরে সদর থানায় একটি জিডি করেছেন।

জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন জেলা পরিষদের সদস্য আলী আকবর।

টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাপ্পী লাহিড়ী বলেন, একজন জনপ্রতিনিধির এমন আচরণ খুবই দুঃখজনক।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।