সাংবাদিককে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিককে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ওই সাংবাদিক ঢাকা অঞ্চলের পুলিশের উপমহাপরিদর্শক ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার বরাবর গতকাল মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই সাংবাদিকের নাম মাজহারুল ইসলাম। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত সময়-এর সোনারগাঁ উপজেলা প্রতিনিধি। মাজহারুল তাঁর অভিযোগে উল্লেখ করেন, সোমবার রাতে পেশাগত কাজ শেষে স্থানীয় প্রেসক্লাব থেকে তিনি বাড়ি ফিরছিলেন। মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলামের নেতৃত্বে চারজন পুলিশ তাঁকে (মাজহারুল) একা পেয়ে তাঁর পকেটে ইয়াবা বড়ি ঢুকিয়ে দিয়ে গ্রেপ্তারের চেষ্টা করেন। এ সময় পথচারী ও স্থানীয় বাজারের ব্যবসায়ীরা ঘটনা দেখে ফেলেন। তাঁরা পুলিশের কাছে ঘটনার কৈফিয়ত চান এবং পুলিশ সদস্যদের ঘেরাও করে রাখেন। পরে পুলিশ সদস্যরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং তাঁদের (মাজহারুল ও এলাকাবাসী) কাছে ক্ষমা চেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান।
এসআই মফিজুল বলেন, ‘মাজহারুলের চলাফেরায় সন্দেহ হওয়ায় তাঁকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। ইয়াবা বড়ি পকেটে ঢুকিয়ে দেওয়ার প্রশ্নই আসে না।’ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।