সাংবাদিককে মারধর করল ছাত্রলীগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পক্ষের নেতা-কর্মীরা দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস ও হাটহাজারী থানায় লিখিত অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
মারধরের শিকার হওয়া সাংবাদিক হলেন রকিব কামাল। তিনি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিরও সদস্য।
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়িতে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন রকিব কামাল ও তাঁর বন্ধু ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিজানুর রহমান। এ সময় ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক মিজানুর রহমান তাঁর অনুসারী আট-দশজন কর্মীকে নিয়ে ঝুপড়িতে যান। ছাত্রলীগ নেতা মিজানুর ইশারা করে কর্মীদের রকিব কামালকে দেখিয়ে দেন। এরপর ওই কর্মীরা রকিবকে বেধড়ক পেটাতে থাকেন। বাধা দিতে গেলে তাঁরা মিজানুরকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে রকিবকে আহত অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। রকিব এ ঘটনায় হাটহাজারী থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন।
রকিব কামাল প্রথম আলোকে বলেন, ‘আমি ছাত্রলীগের কমিটি ঘোষণার আগে নতুন কমিটিতে থাকা ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক মিজানুরের অন্যায় কর্মকাণ্ডগুলো তুলে ধরে একটি প্রতিবেদন করেছিলাম। এ জন্য ছাত্রলীগের জুনিয়র কর্মীদের দিয়ে আমাকে পিটিয়েছেন।’
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রহমান শোয়েব প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে একের পর এক সাংবাদিককে মারধর করছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুণ। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা মিজানুর বলেন, ‘এ অভিযোগ মিথ্যা। বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছি।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িত কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৭ জুন মারধরের শিকার হন দৈনিক প্রিয় চট্টগ্রাম–এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জয় দাশ। গত ২৪ জুন একটি অনলাইন পত্রিকার সাংবাদিক শরীফুল ইসলামকে ছাত্রলীগ মারধর করে বলে অভিযোগ ওঠে।