সাংবাদিককে মারধর করল ছাত্রলীগ?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চাঁদাবাজির অভিযোগে ফজলে রাব্বী (২৩) নামের এক তরুণকে আটক করেন দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ মূসাসহ কয়েকজন শিক্ষার্থী। রাব্বীকে প্রক্টরের কার্যালয়ে নেওয়ার পথে বিএনসিসি কার্যালয়ের পাশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী মূসার পথ রোধ করেন। ছাত্রলীগ কর্মীরা রাব্বীকে পার্শ্ববর্তী ছাত্রলীগের তাঁবুর পেছনে নিয়ে যান। ভর্তি পরীক্ষা উপলক্ষে বিএনসিসি কার্যালয়ের পাশে চেয়ার-টেবিল বসিয়ে শামিয়ানা টাঙানো হয়েছে, যা ছাত্রলীগের তাঁবু (টেন্ট) নামে পরিচিতি।
সেখানে নেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে রাব্বীকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। তখন ছবি তুলছিলেন মূসা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদের উপস্থিতিতে সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান, আইনবিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, উপ-গণযোগাযোগবিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, কর্মী রবিউল ইসলাম, নীলাদ্রি মজুমদারসহ আট-দশ জন মূসাকে মারধর করেন।
মো. মূসা বলেন, ‘মারধরের ছবি তোলার কারণে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাকে মারধর করেছে। কাল (আজ বুধবার) এ বিষয়ে আমি প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেব।’
মোর্শেদুর, সুফিয়ান, সাদ্দাম ও নীলাদ্রি অভিযোগ অস্বীকার করেন। মোর্শেদুর বলেন, ‘ভুল-বোঝাবুঝির কারণে জুনিয়র কর্মীরা মূসার গায়ে হাতে তুলেছে। তবে আমরা থামানোর চেষ্টা করেছি।’ রবিউল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
রাজিব আহমেদ বলেন, ‘একটা ভুল-বোঝাবুঝি হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আমি জুনিয়রদের থামিয়েছি।’
প্রক্টর তপন কুমার সাহা বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, ফজলে রাব্বীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।