দৈনিক মানবকণ্ঠ-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ইংরেজি বিভাগের অষ্টম সেমিস্টারের ছাত্র সোহাইল মিয়াকে গতকাল বুধবার মারধর করেছেন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। এ ঘটনায় ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক আতাউর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে মুঠোফোনে সোহাইলকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসতে বলেন আতাউর রহমান৷ সোহাইল সেখানে আসামাত্র কোনো কথা ছাড়াই তাঁকে মারধর শুরু করেন আতাউর ও তাঁর বন্ধুরা৷ পরে সোহাইলকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যান সহপাঠীরা। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে৷
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে প্রক্টর নূর মোহাম্মাদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়৷ প্রক্টর নূর মোহাম্মাদ সাংবাদিকদের বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে গতকাল আতাউরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আতাউরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।