সাংবাদিককে মারধর, ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিডি নিউজ টোয়েন্টি ফোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলামকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে মহিতোষ রায় টিটুর নেতৃত্বে ছয়-সাতজন ছাত্রলীগ কর্মী শফিকুল ইসলামকে বেধড়ক মারধর করেন। এরপর তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় টিটুকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আজ বৃহস্পতিবার বিকেলে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়া হবে।’