সাংবাদিককে মারধর, ছাত্রলীগের তিনজনকে বহিষ্কার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে মারধর করার অভিযোগে ছাত্রলীগের তিনজন কর্মীকে দুই মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে হামলার নির্দেশদাতা হিসেবে অভিযোগ ওঠা মিজানুর রহমানকে কোনো শাস্তি দেওয়া হয়নি।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।
বহিষ্কৃত তিন ছাত্রলীগ কর্মী হলেন রাজনীতিবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুদ্দিন খালেদ বান্না, রাজনীতিবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. শওকত আলী ও ইতিহাস বিভাগের মো. রাকিবুল হাসান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সাংবাদিককে মারধর করার কারণে তিন শিক্ষার্থীকে দুই মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ সময়ের মধ্যে তাঁরা সংশোধিত না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘সাংবাদিককে মারধরের ঘটনায় তিনজনকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ কাজ করেছে। এঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ে মানবকণ্ঠের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রকিব কামালকে মারধর করে ছাত্রলীগের সভাপতি পক্ষের নেতা-কর্মীরা।
এদিকে নাম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় মার্কেটিং বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী মিজানুর রহমান মিজান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার নাম এবং পদ ভাঙিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক মিজানুর রহমান এক সাংবাদিককে মারধর করেছে। আমার গ্রামের বাড়ি মিরসরাই। আমিই ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক।’
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদকের নাম মিজানুর রহমান মিজান। তিনি মার্কেটিং বিভাগের ৯-১০ সেশনের শিক্ষার্থী। আর মিজানুর রহমান হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক। তাঁর গ্রামের বাড়ি মহেশখালী। তিনি ইতিহাস বিভাগের ৯-১০ সেশনের শিক্ষার্থী।’
গতকাল রোববার নিজেকে আপ্যায়ন সম্পাদক দাবি করা মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সোমবারও নিজেকে আপ্যায়ন সম্পাদক দাবি করেন। তিনি বলেন, ‘আমি ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক। আরেক মিজানুর রহমান ছাত্রলীগের সহসম্পাদক।’ কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক তাঁকে সহসম্পাদক দাবি করেছেন বলা হলে তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক হলেন ইতিহাস বিভাগের মিজানুর রহমান। আমি কেন্দ্রে নাম পাঠিয়েছি, আমিই ভালো জানি। কেন্দ্র কী করে জানবে?’
আরও পড়ুন:
সাংবাদিককে মারধর করল ছাত্রলীগ
http://www.prothom-alo.com/bangladesh/article/938785/