সাংবাদিককে মারধরে আ.লীগ নেতা জড়িত!
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বাগেরহাট প্রতিনিধি তরফদার রবিউল ইসলামকে মারধরে নেতৃত্ব দেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। সাংবাদিক নেতারা গতকাল রোববার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ করেন। পুলিশ সুপারও এমন তথ্য পাওয়ার কথা বলেছেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল গতকাল সকালে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের কার্যালয়ে যায়। এ সময় সাংবাদিক নেতারা বলেন, তাঁরা বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হয়েছেন সাংবাদিক রবিউলের ওপর হামলায় নেতৃত্ব দেন আবু তাহের। তিনি বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক। হামলায় অংশ নেয় তাহেরের আরও পাঁচ-সাতজন সহযোগী। অবিলম্বে হামলাকারী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
তবে আবু তাহের হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক রবিউলকে হামলাকারী ব্যক্তিদের হাত থেকে উদ্ধার করেছেন।
সাক্ষাৎকালে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ওই হামলায় একজন আওয়ামী লীগ নেতা জড়িত, প্রাথমিকভাবে এমন তথ্য তিনিও পেয়েছেন। তিনি হামলার ঘটনায় মামলার পরামর্শ দেন।
রোববার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রবিউল বলেন, আবু তাহের ও তাঁর সহযোগীরা সন্ত্রাসী প্রকৃতির। এ কারণে তিনি মামলা করার সাহস পাচ্ছেন না।
গত শুক্রবার রাতে বাগেরহাট শহরের দশানী এলজিইডি মোড় এলাকায় একটি স্টুডিওতে সাংবাদিক রবিউলের ওপর হামলা হয়।