সাংবাদিককে মারধরে জিডি
জামালপুর সদর উপজেলায় বিপুল মিয়া (২৫) নামের স্থানীয় পত্রিকার এক সাংবাদিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বিপুল মিয়া স্থানীয় পল্লী কণ্ঠ প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক। হাজিপুর উচ্চবিদ্যালয়ে ‘মনগড়া কমিটি দিয়ে চলছে এসএসসি পরীক্ষার কার্যক্রম’ শিরোনামে গতকাল তাঁর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর জের ধরে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমুল হকের ছোট ভাই শামিম মিয়া সকালে হাজীপুর বাজারে বিপুল মিয়ার গতিরোধ করেন। এরপর তিনি বিপুল মিয়াকে মারধর করেন। এ ঘটনায় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে বিপুল জিডি করেন।
সাংবাদিক বিপুল মিয়া বলেন, শামিম মিয়া তাঁকে কিল-ঘুষি মারেন।
শামিম মিয়া বলেন, ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার প্রতিবেদন নিয়ে তর্ক-বিতর্ক হয়েছে। মারধরের ঘটনা ঘটেনি।