সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের ডিবি রোডে অবস্থিত জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে গত বৃহস্পতিবার দৈনিক জনতার জেলা প্রতিনিধি মিলন খন্দকারকে দলিল লেখক সমিতির সভাপতি ও তাঁর লোকজন মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। রেজিস্ট্রারের কার্যালয়ের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

এদিকে মিলনকে মারধরের প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার বেলা ১১টায় শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে কলম ও ক্যামেরা সড়কে রেখে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পুলিশ জানায়, মিলন দুজন সাংবাদিককে নিয়ে বৃহস্পতিবার দুপুরে দলিল লেখকদের কর্মবিরতির সংবাদ সংগ্রহ করতে জেলা রেজিস্ট্রারের কার্যালয় চত্বরে যান। এ সময় মিলনকে গাইবান্ধা দলিল লেখক সমিতির সভাপতি নুর এ হাবিব ও তাঁর লোকজন মিলনকে মারধর ও ক্যামেরা ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় মিলন থানায় মামলা করেছেন।

তবে নুর এ হাবিব বলেন, ‘মারধরের কোনো ঘটনা ঘটেনি।’