সাংবাদিককে মারধরের পর পাল্টা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে মারধরের পর তাঁর বিরুদ্ধে প্রক্টরের কাছে পাল্টা অভিযোগ দিয়েছেন মারধরকারী ছাত্রলীগের কর্মী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত রোববার সন্ধ্যায় ক্যাম্পাসের বিশ মাইল এলাকায় ছাত্রলীগের কর্মী শরীফ হোসেন ওরফে লস্করের নেতৃত্বে স্থানীয় পাঁচ-ছয়জন তরুণ সাংবাদিক আবু রায়হানকে স্টাম্প দিয়ে বেধড়ক পেটান বলে অভিযোগ ওঠে। রায়হান অনলাইন সংবাদমাধ্যম বিডি প্রেস ডট নেটের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী। ঘটনার পরদিন প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন রায়হান। অন্যদিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে রায়হানের বিরুদ্ধে প্রক্টর কার্যালয়ে লিখিত অভিযোগ দেন শরীফ হোসেনও।
শরীফ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। আবু রায়হান বলেন, ‘আমি ওকে (শরীফ) চিনি না। আমি ওকে কীভাবে হুমকি দেব।’ এদিকে মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রায়হানের সঙ্গে কথা বলেছে প্রক্টরিয়ালবডি। এ ছাড়া শরীফকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রক্টর কার্যালয়।
তপন কুমার সাহা বলেন, ‘দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমরা কাজ করছি।’