সাংবাদিককে মারধরের বিচার দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে মারধরের বিচার দাবিতে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেন সাংবাদিকেরা। সকাল সাড়ে সাতটায় তাঁরা এ কর্মসূচি শুরু করার পর উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১০টায় অবরোধ তুলে নেন।

গত ৮ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সংগ্রহের সময় মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে মারধরের শিকার হন বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শফিকুল ইসলাম। তিনি সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় তিনজনকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবন অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা। তাঁরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তিনটি ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদ এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরাও একাত্মতা প্রকাশ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। অবরোধের কারণে প্রশাসনিক ভবনে ঢুকতে না পেরে কর্মকর্তা-কর্মচারীরা ভবনের সামনে অপেক্ষা করতে থাকেন। সকাল পৌনে
১০টার দিকে উপাচার্য ফারজানা ইসলাম আলোচনার জন্য সাংবাদিকদের তাঁর বাসভবনে ডেকে পাঠান। এরপর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেন।

এ সময় প্রক্টর তপন কুমার সাহা, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক শাহেদুর রশিদ উপস্থিত ছিলেন। উপাচার্য সাংবাদিক নেতাদের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

যোগাযোগ করলে সাংবাদিক বেলাল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য আমাদের বিচারের আশ্বাস দিয়েছেন। সাংবাদিক মারধরের ঘটনায় আগামী বৃহস্পতিবার শৃঙ্খলা বোর্ডের সভা এবং পরদিন সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা অবরোধ কর্মসূচি স্থগিত করেছি।’