সাংবাদিককে হত্যার হুমকি দুর্বৃত্তদের
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শফিউল হককে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে গত বৃহস্পতিবার রাতে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাংবাদিক শফিউল হক বলেন, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তিনি পিরোজপুর শহরের সোনালী ব্যাংকের সামনে থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন। জেলা পরিষদ মার্কেটের সামনে রিকশাটি পৌঁছালে দুটি মোটরসাইকেলে চড়ে তিন ব্যক্তি এসে তাঁর পথ রোধ করেন। এরপর ওই ব্যক্তিদের মধ্যে একজন তাঁকে (শফিকুল) বলেন, ‘শহরে ফের তোকে পেলে খুন করা হবে। শহরে ঘোরাঘুরি করবি না, পত্রিকায় সংবাদ পাঠাবি না।’
শফিউল হক ঘটনাটি তাৎক্ষণিক মুঠোফোনে পিরোজপুরের পুলিশ সুপারকে জানান। তবে হুমকিদাতাদের পরিচয় জানাতে পারেননি শফিউল হক।
পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনে ওই সাংবাদিককে থানায় যোগাযোগ করতে বলেছি।’