প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনীম হাসানকে হুমকি দেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল শনিবার হাটহাজারী মডেল থানায় এ ডায়েরি করা হয়।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ-সংক্রান্ত খবর পত্রিকায় প্রকাশিত হওয়ায় ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান আশা মুঠোফোনে তাসনীমকে প্রাণনাশের হুমকি দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও তাসনীমকে হুমকি দেওয়া ছাত্রলীগ নেতার শাস্তির দাবিতে আজ রোববার মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেছে।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন মাসুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদপুষ্ট ছাত্রলীগ নামধারীরা সাংবাদিকদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।’
এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।