সাংবাদিককে 'দেখে নেওয়ার' হুমকি ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জের ধরে যুগান্তর ও রাজশাহীর দৈনিক সোনালী সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান আদিবকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া ক্যাম্পাসে কর্মরত সব সাংবাদিককে গালিগালাজ করেন তাঁরা।
গত রোববার রাতে ক্যাম্পাসের পরিবহন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে নয়টার দিকে নিজ হল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে যাচ্ছিলেন হাসান আদিব। বিশ্ববিদ্যালয়ের সাগর ক্যানটিনের পাশে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁকে ডেকে রাস্তায় থামান। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ওরফে শুভ্র, ছাত্রলীগের কর্মী রবিউল বনি ও শাহিন তালুকদার তাঁকে সংবাদ প্রকাশের জন্য গালিগালাজ করেন। তাঁরা তাঁকে ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সঙ্গে দেখার করার নির্দেশ দেন।
হাসান আদিব বলেন, রোববার ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চাঁদার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে প্রায় ২৪ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কয়েকজন সাংবাদিক সন্ধ্যায় ওই হলে গিয়ে খোঁজ নেন এবং পরে এ নিয়ে সংবাদ প্রকাশ করেন। এতে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন সভাপতিসহ জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীরা। এর আগেও যুগান্তর ও সোনালী সংবাদ-এ সংবাদ প্রকাশের কারণে ক্ষিপ্ত ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঘটনার সময় কিছু দূরেই ছাত্রলীগের সভাপতি দাঁড়িয়ে ছিলেন।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্যাম্পাসে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সমিতির সভাপতি এম এ সাঈদ ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘অভিযোগটি খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’