সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রাম থেকে গত সোমবার রাতে ২ হাজার ৮৮০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এই তিনজন হলেন গাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামের আল আমিন (৩৮), গাইবান্ধা শহরের থানাপাড়ার গোলাম রব্বানী (৪৩) এবং কলেজ রোডের রজতকান্তি বর্মণ (৪৫)। এঁদের মধ্যে রব্বানী ও রজতকান্তি স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক।

গ্রেপ্তার করা তিনজনকে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে স্থানীয় সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক আশরাফ হোসেন ছিদ্দিক সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। এর মধ্যে রব্বানী ও রজতকান্তি সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক ব্যবসা চালাতেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে নয়টায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে পাওয়া ইয়াবার মূল্য আনুমানিক ১৪ লাখ ৪০ হাজার টাকা। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি মুঠোফোন ও ‘সাংবাদিক’ লেখা নম্বরবিহীন একটি মোটরসাইকেলও আটক করা হয়।