সাংবাদিকতায় যুক্ত হলে দেখে নেওয়ার হুমকি ছাত্রলীগের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কয়েকজনের বিরুদ্ধে পাঁচ শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে শহীদ মিনারে ফুল দেওয়ায় তাঁদের হুমকিও দেওয়া হয়। বলা হয়, সাংবাদিকতা করলে তাঁদের দেখে নেওয়া হবে।
গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়টির শহীদ নাজমুল আহসান হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার ওই পাঁচ শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন। প্রক্টর এ কে এম জাকির হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি পুষ্পস্তবক অর্পণ করে। সেখানে সাংবাদিকদের সঙ্গে প্রথম ও দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী ছিলেন। ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ওই ছবি দেখে শহীদ নাজমুল আহসান হলের পাঁচ শিক্ষার্থীকে কৃষি অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী শাহেদ হোসেন হলের অতিথি কক্ষে ডেকে পাঠান। রাত সাড়ে নয়টার দিকে ওই পাঁচ শিক্ষার্থীর মধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান, রাকিবুল হাসান ও মেহেদী হাসান অতিথি কক্ষে যান। সেখানে শাহেদের সহযোগী হিসেবে ছিলেন তৃতীয় বর্ষের রকিবুল হাসান, মো. মনির, রোকনুজ্জামান রিয়াদ ও আবু নাঈম এবং দ্বিতীয় বর্ষের তানভীর শাকিল ও অনিক ফেরদৌস। তাঁরা ওই শিক্ষার্থীদের বলেন, এ হলে থাকতে হলে অন্য কোনো সংগঠন করা যাবে না। সাংবাদিকতায় যুক্ত হলে তোমাদের দেখে নেওয়া হবে। একপর্যায়ে শাকিল ও ফেরদৌস ওই তিন শিক্ষার্থীকে চড়-থাপ্পড় মারেন। সাংবাদিকদের সঙ্গে ফুল দিতে যাওয়া দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফ হোসেন ও শাহরিয়ার আমিনকেও ডেকে পাঠানো হয়। তাঁদের সতর্ক করে হলে আসন বাতিলের হুমকি দেন ছাত্রলীগের কর্মীরা।
যোগাযোগ করা হলে ছাত্রলীগের কর্মী শাহেদ হোসেন ও রকিবুল হাসান পুরো বিষয়টি অস্বীকার করেন। অনিক ফেরদৌস সাংবাদিক পরিচয় শুনে মুঠোফোনের সংযোগ কেটে দেন। বাকিরা ফোন ধরেননি।
ঘটনার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল ওই হলে গিয়ে নেতা-কর্মীদের শাসান। তিনি প্রথম আলোকে বলেন, বিশৃঙ্খলা করলে ছাত্রলীগে কারও স্থান হবে না। এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন।
হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাটি তিনি জানেন। এ বিষয়ে গতকালই তাঁর ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার কথা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আকবর বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত সংগঠনগুলোর সাথে যুক্ত হয়ে শিক্ষার্থীরা নিজেদের বিকাশ ঘটাবেন—এমনটাই প্রত্যাশা।’