জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুই পক্ষের মধ্যে গতকাল রোববার সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথম আলো, কালের কণ্ঠ ও ডেইলি সান-এর বিরুদ্ধে ঢাকার মিরপুরের সরকারদলীয় সাংসদ কামাল আহমেদ মজুমদারের করা মামলার প্রতিবাদে সাংবাদিকদের এক পক্ষ মানববন্ধন করায় এ সংঘর্ষের সূত্রপাত৷
প্রত্যক্ষদর্শীরা জানান, মামলার প্রতিবাদে বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন কালের কণ্ঠ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জসীম রেজার নেতৃত্বে কয়েকজন সাংবাদিক। এতে যোগ দেন কয়েকজন প্রগতিশীল শিক্ষক। এই মানববন্ধন চলাকালে ব্যানার কেড়ে নেন সাংবাদিক সমিতির সভাপতি ও বিডি নিউজের প্রতিনিধি কাজী মোবারক।
পরে বেলা আড়াইটার দিকে সাংবাদিক সমিতির কার্যালয়ে কাজী মোবারকের নেতৃত্বে মানববন্ধনের পক্ষের সাংবাদিকদের ওপর হামলা চালান ছাত্রলীগের একদল কর্মী। এর পরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সহকারী প্রক্টর কাজী মো. নাসিরউদ্দীন। এতে জসীম রেজাসহ নয়জন সাংবাদিক আহত হন।