বাংলাদেশ ক্রিকেট দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত উপলক্ষে আয়োজিত বিজয় উৎসব চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির ওপর হামলার ঘটনায় আজ বুধবার চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং চারজনকে কারণ দর্শাতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃত ছাত্ররা হলেন সমাজবিজ্ঞান বিভাগের তাসলিম হাসান, অপরাধবিজ্ঞান বিভাগের আলী আব্বাস, শান্তি ও সংঘর্ষ বিভাগের কামরুল হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের শাহরিয়ার নাজিম।
শাহরিয়ার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী হলেও তিনি হাজী মুহম্মদ মুহসীন হলে থাকতেন। বাকিরা মুহসীন হলের শিক্ষার্থী। এঁরা সবাই প্রথম বর্ষের ছাত্র ও হল শাখা ছাত্রলীগের কর্মী।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আনন্দ উল্লাসরত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্রী ও বার্তা সংস্থা ইউএনবিতে কর্মরত নারী সাংবাদিকের সঙ্গে অসদাচরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিকে লাঞ্ছনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী চারজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া দর্শন বিভাগের বাহাউদ্দিন রাদিক, উর্দু বিভাগের আবদুল হাকিম, দর্শন বিভাগের শাহরিয়ার সনেট ও ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের আতিকুর রহমানকে একই ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক নির্দেশ দিয়েছেন।
গত সোমবার টিএসসিতে উৎসব চলাকালে ছাত্রলীগের কর্মীরা এক নারী সাংবাদিককে রং মাখানোর চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় তাঁদের হামলার শিকার হন সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহসহ অন্তত পাঁচজন। তবে এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।