খাগড়াছড়িতে প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলা ও সাংবাদিকদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। খাগড়াছড়ির সাংবাদিকদের যারা প্রাণনাশের হুমকি দিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান রাঙামাটির সাংবাদিকেরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৪৫ জন সাংবাদিক অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন প্রবীণ সাংবাদিক গিরিদর্পণ-এর সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, সংবাদ-এর প্রতিনিধি সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিকেরা অভিযোগ করেন, খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম দীর্ঘদিন ধরে কোনো আইনকানুনের তোয়াক্কা না করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তাঁর অনিয়ম, দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ড তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকের ওপর হামলা ও হুমকিদাতাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সাংবাদিক সুনীল কান্তি দে বলেন, ‘পৌর মেয়র রফিকুল আলম দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। তাঁর সন্ত্রাসী বাহিনী সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়েছে। তাঁদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।’
১৮ ডিসেম্বর প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক নীরব চৌধুরীকে খাগড়াছড়ি পৌর কার্যালয়ে নিয়ে মেয়র রফিকুল আলম মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে ২০ ডিসেম্বর খাগড়াছড়ির সাংবাদিকেরা মানববন্ধনের আয়োজন করেন। সেখানে সাংবাদিকদের মাইক
কেড়ে নিয়ে প্রকাশ্যে ৩৫ জন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয় পৌর মেয়রের অনুগত লোকজন ও সন্ত্রাসীরা।