সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে এসে জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে চার সাংবাদিকের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা করতে আসা এক ব্যক্তিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ঝালকাঠির নলছিটি পৌরসভার নন্দিকাঠি মহল্লার মো. রেজাউল চৌধুরী নলছিটির চারজন সাংবাদিকের বিরুদ্ধে এ মামলা করতে আসেন। আদালতের কাছে বিষয়টি মিথ্যা প্রমাণিত হওয়ায় রেজাউলকে জেলহাজতে পাঠান আদালত।
এদিকে রেজাউলের বিরুদ্ধে গত ৩ মার্চ বোরকা পরা এক মেয়েকে কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও ফেসবুকে পোস্ট করার অভিযোগ ওঠে। পরে এ নিয়ে স্থানীয় চারটি পত্রিকায় সংবাদ ছাপা হয়।
বিষয়টি জানাজানি হলে ৪ মার্চ গভীর রাতে রেজাউলকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় এক কাউন্সিলরের জিম্মায় ছেড়ে দেয়। আদালত-সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ওই চারটি পত্রিকার চারজন সাংবাদিকের বিরুদ্ধে গতকাল আদালতে চাঁদাবাজির মামলা করতে আসেন রেজাউল। কিন্তু আদালত ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পর্কে আগে থেকে অবগত থাকায় মামলাটি আমলে নেননি। পরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক আদালতের বিচারক এইচ এম কবির হোসেন বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, শ্লীলতাহানি ও ইভ টিজিংয়ের অভিযোগ এনে মামলা দায়ের করেন।