প্রথম আলোর খাগড়াছড়ির আলোকচিত্র সাংবাদিক নীরব চৌধুরীকে মারধরের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বাধা ও সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৫ জন সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নীরব চৌধুরীকে গত রোববার মারধর করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম।
প্রত্যক্ষদর্শী ও মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকেরা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নীরব চৌধুরীকে মারধরের প্রতিবাদে স্থানীয় ৩৫ জন সাংবাদিক গতকাল সকাল সাড়ে ১০টায় শাপলা চত্বরে মানববন্ধন শুরু করেন। প্রায় পাঁচ মিনিট পর পৌরসভা কার্যালয়ের সামনে থেকে মেয়র মো. রফিকুল আলমের অনুগত হিসেবে পরিচিত মো. দিদার ওরফে কসাই দিদারের নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জন সন্ত্রাসী মানববন্ধনস্থলে হাজির হয়। একপর্যায়ে তারা মানববন্ধন কর্মসূচিতে ব্যবহারের জন্য আনা মাইক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালাগাল করে বক্তব্য দেওয়া শুরু করে।
সাংবাদিকেরা বলেন, যুবকদের মধ্যে অন্তত ১৪ থেকে ১৫ জনের হাতে কিরিচ দেখা গেছে। আরও অনেকের হাতে ছিল লাঠিসোঁটা। তারা ‘একটি-দুটি সাংবাদিক ধর, ধরে ধরে জবাই কর; সাংবাদিকদের আস্তানা-জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেয়। সন্ত্রাসীরা মানববন্ধনে অংশ নেওয়া ৩৫ জন সাংবাদিকের ছবি মুঠোফোনের ক্যামেরায় ধারণ করে। প্রায় আধা ঘণ্টা ধরে স্লোগান দিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসীরা চলে যায়। এরপর সাংবাদিকেরা খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. মজিদ আলীর সঙ্গে দেখা করে তাঁদের বিষয়টি জানান। সাংবাদিকেরা থানায় জিডি করেন। জীবনের নিরাপত্তা চেয়ে নীরব চৌধুরীও থানায় আলাদা জিডি করেছেন।
এদিকে দুপুরের দিকে সাংবাদিকদের হুমকি দেওয়া একদল সন্ত্রাসীকে খাগড়াছড়ি সদর হাসপাতালের দিকে যেতে দেখা যায়। তখন ওই হাসপাতালে ভর্তি ছিলেন নীরব চৌধুরী। তবে পুলিশের তৎপরতার কারণে সন্ত্রাসীরা হাসপাতালে ঢুকতে পারেনি।
খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী বলেন, ‘নীরব চৌধুরীকে মারধর করার প্রতিবাদে আমরা ৩৫ জন সাংবাদিক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছিলাম। সেখানে মেয়রের অনুগত দিদার ও তাঁর সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আমাদের মাইক কেড়ে নিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলেছে। সাংবাদিক জবাই করার হুমকি দিয়েছে।’
মো. দিদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার লোকজনের হাতে কিরিচ ছিল না। সেখানে আমার লোকজন কী স্লোগান দিয়েছে, তা জানা নেই।’
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, সাংবাদিকদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে সাংবাদিকদের করা জিডি মামলায় রূপান্তর করার জন্য আদালতে আবেদন করা হবে।
সাংবাদিকদের হুমকির নিন্দা: এই সন্ত্রাসী ঘটনার নিন্দা জানিয়েছেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, যুগ্ম সম্পাদক তপন চক্রবর্তী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। জনপ্রতিনিধি ও পেশাজীবী নেতারা খাগড়াছড়িতে সাংবাদিকদের কর্মসূচিতে বাধা সৃষ্টিকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।