সাংবাদিকদের মারধর

চট্টগ্রামে গতকাল মঙ্গলবার প্রেসক্লাবে হামলা ও কয়েকজন সাংবাদিককে মারধর করেছেন কয়েকজন যুবক। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার প্রথম আলোকে বলেন, প্রেসক্লাবের সামনে গতকাল বিকেলে সড়কের দুপাশ অবরোধ করে মানববন্ধন করছিল ঐক্যবদ্ধ সচেতন সনাতন সমাজ বাংলাদেশ নামের একটি সংগঠন। এর ফলে নগরের ব্যস্ততম এ সড়কে যানজট সৃষ্টি হয়। এ সময় আয়োজকদের সড়কের একপাশ যান চলাচলের জন্য ছেড়ে দেওয়ার অনুরোধ জানান স্থানীয় লোকজন ও সাংবাদিকেরা। এতে ক্ষিপ্ত হয়ে কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন যুবক চার-পাঁচজন সাংবাদিককে মারধর করেন ও তাঁদের গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেন। তাঁরা একপর্যায়ে প্রেসক্লাবেও হামলা চালান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অনুপ কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
এ বক্তব্য জানতে চেষ্টা করেও ঐক্যবদ্ধ সনাতন সমাজ বাংলাদেশের কাউকে পাওয়া যায়নি।