সাংবাদিকদের মেসে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরপুলে কয়েকজন তরুণ সাংবাদিকের মেসবাড়িতে গতকাল বুধবার দুপুরে চুরি হয়েছে। চোরেরা ল্যাপটপ, ক্যামেরা, নগদ টাকা, ডলারসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর প্রতিবেদক প্রবীর বড়ুয়া জানান, তাঁরা ছয়জন হাতিরপুল কাঁচাবাজারের উল্টো দিকের একটি বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকেন। এর মধ্যে চারজনই সাংবাদিকতার সঙ্গে যুক্ত। গতকাল দুপুরে তাঁরা সবাই যখন বাইরে ছিলেন তখন চোরেরা তালা ভেঙে বাসায় ঢোকে। ওই বাড়ির বাসিন্দা যমুনা টেলিভিশনের প্রতিবেদক নুরুন্নবী সরকার বিকেলে বাসায় ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে নিউমার্কেট থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত খান বলেন, বাড়ির বাসিন্দারা কেউ অভিযোগ করলে মামলা হবে।