সাংবাদিকদের শায়েস্তা করার অনুরোধ করলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে সাংবাদিকদের শায়েস্তা করার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান। গতকাল মঙ্গলবার বাঁশখালীতে দুদকের গণশুনানিতে সাংবাদিকদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে এ অনুরোধ করেন সাংসদ।

দুদক ও বাঁশখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ ভুক্তভোগীদের অভিযোগ শোনেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। ভূমি কার্যালয়, প্রকল্প বাস্তবায়ন, স্বাস্থ্যসহ বিভিন্ন বিভাগের ৩২টি অভিযোগ তোলেন ভুক্তভোগীরা।

অনুষ্ঠানে সাংসদ বলেন, ‘বাঁশখালীতে কিছু সাংবাদিক আছে তারা আমাদের রাস্তা ও বেড়িবাঁধে যায় আর ছবি তোলে। এরপর বলে কাজ খারাপ হয়েছে, আমাকে পয়সা দাও। এরা ঠিকাদারদের কাছে গিয়ে টাকা দাবি করে। এ রকম সাংবাদিক নামধারীদের আপনাকে চিহ্নিত করতে হবে। ঠিকাদারের কাছ থেকে সাংবাদিকেরা যদি টাকা চায় তাহলে তারা কাজ ফেলে চলে যাবে। আপনি (দুদক কমিশনার) তদন্ত করে দেখুন।’

শুনানিতে বেশি অভিযোগ আসে ভূমি কার্যালয়ের বিরুদ্ধে। সরল ইউনিয়নের বাসিন্দা তাজউদ্দিন নামের এক ব্যবসায়ী বলেন, তাঁর নিজের চার গন্ডা জমি অন্যজনের নামে নামজারি হয়ে যায়। ২০১৪ সালে সংশোধনের জন্য গেলে সার্ভেয়ার মো. মহিউদ্দিন তাঁর কাছে টাকা দাবি করেন। এখনো এই সমস্যার সমাধান হয়নি।

পৌরসভার বাসিন্দা দক্ষিণ জলদী এলাকার শিক্ষক অমৃত করণ বলেন, তাঁর জায়গা অন্যের নামে নামজারি হয়ে গেছে। সমাধানের জন্য উপজেলা ভূমি অফিসে গেলে সার্ভেয়ার মো. মহিউদ্দিন তাঁকে ধাক্কা দিয়ে বের করে দেন।

উপজেলা ভূমি কার্যালয়ের ভূমি পরিমাপকারী (সার্ভেয়ার) মো. মহিউদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগ  তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. চাহেল তস্তরীকে।

দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ বলেন, প্রতিটি অফিসে স্বচ্ছতা আনতে হবে, সমস্যার সমাধান করতে হবে। গণশুনানিতে করা অভিযোগগুলো সমাধান হয়েছে কিনা তা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তদারকি করা হবে।’

গণশুনানি অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘প্রকল্পে যত বরাদ্দ দেওয়া হয় তার ৬০ ভাগ কাজ হলেও এত সমস্যা থাকত না। আপনি যেই হোন অন্যায়ভাবে কোনো কাজে হাত বাড়াবেন না।’

শুনানির সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর সহকারী জেনারেল ম্যানেজার আবুল বাশার, দুদকের উপপরিচালক সৈয়দ আহমদ, মোহাম্মদ সফিউল্ল্যা প্রমুখ।