সাংবাদিকদের সম্পর্কে বাজে মন্তব্য, অনুষ্ঠান বর্জন
সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান বর্জন করেছেন বিভিন্ন গণমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদকেরা। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে এ ঘটনা ঘটে।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ চিকিৎসা মনোবিজ্ঞান সোসাইটি ও নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমে পরপর দুটি অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়। একটিতে বলা হয়, বেলা ১২টায় ‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ: মাঠপর্যায়ের অভিজ্ঞতা’ শীর্ষক আলোচনা। অপরটিতে বেলা তিনটায় ‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ইখতিয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, দৈনিক সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক খালেদ সাইফুল্লাহ অনুষ্ঠান কাভার জন্য বেলা ১২টা ২০ মিনিটে ব্যবসায় শিক্ষা অনুষদের মিলনায়তনের সামনে গেলে সেখানে বসা ডেস্কের লোকজন তাঁর পরিচয় জানতে চান। পরিচয় দিলে প্রতি উত্তর দেওয়া হয়, সবাইকে তাঁরা ‘অ্যালাউ’ করেন না। খালেদকে তাঁর ‘ভিজিটিং কার্ড’ দিতে বলেন। খালেদ জানান, তাঁর পরিচয়পত্র আছে। কিন্তু ভিজিটিং কার্ড নেই। তাঁরা ভিজিটিং কার্ড না দিলে কাউকে প্রবেশ করতে দেওয়া বারণ আছে বলে জানান।
খালেদ সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, তিনি চলে আসার সময় পেছন থেকে একজন বলেন, ‘লাঞ্চের টাইম হয়েছে তো, এখন সাংবাদিকেরা আসা শুরু করবে।’
বিষয়টি তিনি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস এম আবুল কালাম আজাদ ও অন্য সাংবাদিকদের জানান। কয়েকজন সাংবাদিক বিকেল তিনটায় ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানের কাছে এর সমাধান চান। কিন্তু তিনি এ বিষয়ে কিছু করতে অপারগতা প্রকাশ করেন।
পরে সাংবাদিকেরা ওই অনুষ্ঠান বর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্জনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।