ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় জার্মান নাগরিক পিওতর সিজোফেনসহ সিটি ব্যাংকের তিন কর্মকর্তার পুনরায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন। এদিকে আদালত চত্বরে আসামি পিওতর সিজোফেনের ছবি তুলতে গেলে তিনি ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন-এর আদালত প্রতিবেদক সানাউল ইসলামের ওপর চড়াও হন। সানাউল প্রথম আলোকে বলেন, এ সময় তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন পিওতর।
পিওতরসহ চার আসামিকে এর আগে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল তাঁদের আদালতে হাজির করে আবার আট দিনের রিমান্ড চায় ডিবি। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর তিন আসামি হলেন সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের কর্মকর্তা মকসেদ আলম, রেজাউল করিম ও রেফাজ আহমেদ। গত ২২ ফেব্রুয়ারি তাঁদের গ্রেপ্তার করা হয়।