সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রিপন আলীর ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। শিবগঞ্জ ডাকবাংলোর সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য দেন সাংবাদিক হারুন আর রশিদ, আব্দুল মজিদ, আজিজুর রহমান, সফিকুল ইসলাম, ইমরান আলি, জামাল হোসেন, রিপনের বাবা আলফাজ উদ্দিন প্রমুখ। বক্তারা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রিপন আলী অভিযোগ করে বলেন, তাঁর ছোট ভাই মো. রাসেলের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আবু তালেবের নাতি মো. সিফাতের সঙ্গে। এ নিয়ে মীমাংসার কথা বলে গত শনিবার রাতে আবু তালেব শিবগঞ্জের হাদিনগর চামাটোলা গ্রামে তাঁর বাড়িতে ডাকেন। সেখানে গেলে তাঁর ছোট ভাইকে একটি গাছের সঙ্গে বেঁধে ও তাঁকে বেঁধে মাটিতে ফেলে আবু তালেবের ৮–১০ জন আত্মীয় বেদম মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে ও রাসেলকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রোববার আটজনের নাম উল্লেখ তাঁর বাবা আলফাজ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আবু তালেব মামলা প্রত্যাহার করতে তাঁদের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় গত বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।