সাংবাদিকের ডায়েরি-টাকা ছিনিয়ে নিল সরকার সমর্থকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পুরান ঢাকার নারিন্দায় দায়িত্ব পালন করার সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মোশতাক আহমেদের ডায়েরি (ভোট কেন্দ্রের অনিয়মের তথ্য ছিল) ও টাকা ছিনিয়ে নিয়েছে সরকার সমর্থক মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর কয়েকজন কর্মী-সমর্থক। আজ মঙ্গলবার দুপুরে ভোটকেন্দ্র দখলের খবর সংগ্রহ করতে গিয়ে তিনি এ ঘটনার শিকার হন। এ সময় ভয়ভীতি দেখিয়ে প্রতিবেদককে দ্রুত ওই কেন্দ্রের এলাকা ছাড়তে বাধ্য করা হয়।

দুপুর ১২টার একটু আগে নারিন্দার দক্ষিণ মৈশণ্ডি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। সকাল থেকে এই কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়ে নেয় দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ও স্থানীয় ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিল প্রার্থী সারোয়ার হাসানের কর্মী-সমর্থকেরা। তারা সবাই ওই দুই প্রার্থীর ব্যাজ পড়ে কেন্দ্র ও কেন্দ্রের আশপাশে অবস্থান নেয়। একপর্যায়ে তারা কেন্দ্রের বাইরে থেকেইলোকজনকে ভেতরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। কোনো ভোটার কেন্দ্রে যেতে চাইলে বাইরে থেকে বলা হচ্ছিল, দুইটার আগে যাওয়ার প্রয়োজন নেই, ভেতরে ‘গেঞ্জাম’ হচ্ছে। এ সময় ভেতরে কারচুপি করে ওই দুই প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার খবর আসছিল।

এই ঘটনা দেখার সময় টি-শার্ট পরা এক যুবক, যার নেতৃত্বে ভোটারদের বাধা দেওয়া হচ্ছিল, সে হঠাৎ করেই প্রথম আলোর প্রতিবেদককে জাপটে ধরে এবং পাশের গলির ভেতর নিয়ে যায়। সেখানে নিয়ে হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে। এ সময় তার সঙ্গী ছিল আরও দুই-তিন যুবক। তারা সবাই শাসিয়ে বলতে থাকেন, ‘কার অনুমতিতে এখানে এসেছিস?’ এ পর্যায়ে প্রথম আলোর প্রতিবেদকের সঙ্গে থাকা নির্বাচন কমিশনের কার্ড, প্রথম আলোর পরিচয়পত্র, মানিব্যাগ, ডায়েরিসহ সব কাগজপত্র ছিনিয়ে নেয় যুবকেরা। তারা গলির ভেতর আটকে রেখে প্রথম আলোর প্রতিবেদক বার বার মারধরের হুমকি দিচ্ছিলেন।

সব কিছু ছিনিয়ে নেওয়ার পর এক যুবক সেগুলো নিয়ে অন্যত্র চলে যায়। তখনো দুই যুবক প্রতিবেদককে গলির ভেতর আটকে রেখে শাসাতে থাকে। কিছুক্ষণ পর ওই যুবক আবার এসে প্রতিবেদককে রাস্তায় পাশে নিয়ে যায় এবং মানিব্যাগটি রেখে দিয়ে দ্রুত এলাকা ছাড়ার হুমকি দেয়। পরে প্রথম আলোর প্রতিবেদক রিকশায় ওঠার পর আবার ওই যুবকেরা এগিয়ে আসে। তখন তারা মানিব্যাগটি ফেরত দেওয়ার সময় এক হাজার টাকা রেখে দিয়ে বলে, ‘এটা জরিমানা।’ তখন তারা আরেক দফা হুমকি-ধামকি দিয়ে চলে যায়। পরে দেখা যায়, মুঠোফোনে তোলা সব ছবি মুছে দেওয়া হয়েছে।