সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সেই চেয়ারম্যানের
ময়মনসিংহের নান্দাইল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন চার দিন আগে প্রথম আলোর নান্দাইল প্রতিনিধি রমেশ কুমারকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার তিনি সংবাদ সম্মেলন করে রমেশের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের আওয়ামী লীগের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খানের কার্যালয়ে বিকেল সাড়ে চারটায় ইউপি চেয়ারম্যান মোশাররফ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে প্রথম আলো ছাড়া আরেকটি পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে বিষোদ্গার করে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় ১২-১৩ জন সাংবাদিকসহ উপজেলা মহিলা লীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে প্রথম আলোয় প্রকাশিত তিনটি সংবাদের শিরোনাম উদ্ধৃত করে চেয়ারম্যান দাবি করেন, তাঁর নিজের এলাকার বাসিন্দারা একটি সালিস ডেকে তাঁকে সেখানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। এ সালিসের পরিপ্রেক্ষিতে তাঁর কাছে ৫০ হাজার টাকা চান সাংবাদিকেরা। টাকা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে প্রথম আলোয় ধারাবাহিক সংবাদ প্রকাশ করা হয়।
নান্দাইল থানার ওসি আতাউর রহমান গতকাল রাতে বলেন, ‘ওই ইউপি চেয়ারম্যান লোকজন নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে মামলা করতে এসেছিলেন। আমি তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।’
১৩ নভেম্বর প্রথম আলোয় ‘ধর্ষণের বর্ণনা দিতে হবে সালিস বৈঠকে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ১৪ ও ১৫ নভেম্বর আরও দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।