সাংবাদিকের মাথা থেঁতলে দিলেন ইউপি সদস্য
সাতক্ষীরায় ইট দিয়ে এক সাংবাদিকের মাথা থেঁতলে দেওয়া হয়েছে। গত সোমবার সাতক্ষীরা সদরের কাশেমপুর এলাকায় ওই সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। আহত সাংবাদিকের অভিযোগ, সংবাদ প্রকাশের জের ধরে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়েছে।
আহত সাংবাদিকের নাম সেলিম হোসেন (৩৫)। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি।
সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক হাসানুজ্জামান বলেন, সেলিমের মাথা, হাঁটুসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত আছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত।
সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, ৬ মার্চ দৈনিক কালের চিত্র পত্রিকায় সরকারি জমি দখল করে ঘর নির্মাণ, ৪০ দিনের কর্মসূচি ও বয়স্ক ভাতা নিয়ে দুর্নীতি ও অনিয়মসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এসব দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সদর উপজেলার আঁগরদাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান যুক্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার দুপুরে হাবিবুর ও তাঁর ভাই জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন তাঁকে কাশেমপুর এলাকায় মারধর করেন। একপর্যায়ে ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁরা সেলিমকে অচেতন অবস্থায় পান। ওই সময় তাঁর মাথা ও ঠোঁট দিয়ে রক্ত পড়ছিল। পরে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য হাবিবুর রহমানের মুঠোফোনে গতকাল কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
আঁগরদাড়ীর ইউপি চেয়ারম্যান মজনুর রহমান বলেন, ইউপি সদস্য হাবিবুর রহমান একজন সাংবাদিককে মারধর করেছেন বলে তিনি শুনেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হাবিবুর ও তাঁর ভাই জাহাঙ্গীরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।