সাংবাদিকের মেয়ের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
দৈনিক ইত্তেফাক–এর সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আখতার-উল-আলমের মেয়ে ফাহমিদা আখতারের (৪৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রামপুরার মহানগর প্রকল্পের ৫ নম্বর সড়কের ১০৫ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গতকাল বৃহস্পতিবার রাতের দিকে ফাহমিদাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান তরফদার জানান, ফাহমিদা রামপুরার এই ফ্ল্যাটে একা থাকতেন। আজ সকালে বাড়ির গৃহকর্মী এসে দরজা খোলা অবস্থায় দেখতে পান। তিনি ঘরে ঢুকে হাত-পা বাঁধা অবস্থায় ফাহমিদার লাশটি দেখতে পান। পরে পুলিশ ওই বাসায় গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি মেঝের ওপর পড়ে ছিল। পুলিশ বলেছে, ফাহমিদাকে গলায় ওড়না পেঁচিয়ে, হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় রামপুরা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন ফাহমিদা আলমের ভাই রেজোয়ানুল আলম।
ফাহমিদা আখতারের ভাই রেজোয়ানুল আলম প্রথম আলোকে বলেন, ফাহমিদা আখতার আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর স্বামী গোলাম রব্বানী বাহরাইনে চাকরি করেন। একমাত্র ২০ বছর বয়সী ছেলে সিরাতুল মোস্তফা যুক্তরাষ্ট্র পড়াশোনা করেন। বুধবার রাতে বোনের সঙ্গে তাঁর ফোনে কথা হয়। ঘটনার পর ফ্ল্যাটের মূল্যবান কোনো কিছু নিয়ে যায়নি হত্যাকারীরা। তবে কাগজপত্র এলোমেলো ছিল। তাই কেন এ ঘটনা ঘটল, তা তাঁরা বুঝতে পারছেন না।