সাংসদ আউয়ালের বিরুদ্ধে দুই সহোদরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদরের সাংসদ এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে দুর্নীতি ও দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ তুলেছেন তাঁরই দুই সহোদর। গতকাল বৃহস্পতিবার দুপুরে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় সাংসদের দুই ভাই পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান এসব অভিযোগ করেন।
গতকাল রাতে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে সাংসদ আউয়াল প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তাঁদের (দুই সহোদর) প্রমাণ করে দেখাতে বলেন।’ দলীয় নেতা-কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, তাঁর মতো কর্মীবান্ধব নেতাই হয় না।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে নাজিরপুর উপজেলা সদরে দলীয় কার্যালয়ে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র হাবিবুর রহমান। তিনি বলেন, ‘বড় ভাইয়ের (সাংসদ) স্ত্রী-সন্তানদের অনিয়ম ও দুর্নীতির কারণে দলীয় নেতা-কর্মীরা অতিষ্ঠ। এরপরও আমরা তিন ভাই এ জেলায় আওয়ামী লীগের রাজনীতি টিকিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছি।’
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার প্রমুখ। বক্তারা সাংসদের বিরুদ্ধে অনিয়ম ও দলের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করে নিয়োগ ও টেন্ডার-বাণিজ্যের অভিযোগ করেন।
এ প্রসঙ্গে সাংসদের অপর ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, ‘সাংসদের বিরুদ্ধে আপনাদের করা অভিযোগ শুনেছি। আপনারা সাংসদের কাছ থেকে যথাযথ মূল্যায়ন পাননি। এ কারণেই আমরা তিন ভাই আপনাদের পাশে দাঁড়িয়েছি।’
সভায় অভিযোগের সত্যতা নিশ্চিত করে হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা বলে সাংসদ অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। পরে অনেককে চাকরি দেননি। টাকাও ফেরত দেননি। এ ছাড়া টেন্ডারবাজি করেন।
সাংসদ আউয়ালের আরেক ভাই হলেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মসিউর রহমান। বেকুটিয়া ফেরিঘাট ও বলেশ্বর সেতুর টোল আদায়ের ইজারা নেওয়া নিয়ে কয়েক মাস আগে তাঁদের সঙ্গে সাংসদের বিরোধ দেখা দেয়। ফেরি ও সেতুর টোল আদায়ের ইজারা পেয়েছে সাংসদের স্ত্রীর ঠিকাদারি প্রতিষ্ঠান।