সাংসদ আমানুর ও ভাইদের বাড়িতে মূল্যবান কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমানুর রহমান খান
আমানুর রহমান খান

টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার পলাতক আসামি সাংসদ আমানুর রহমান খান ওরফে রানা ও তাঁর তিন ভাইয়ের বাড়ির মালামাল গতকাল শুক্রবার জব্দ করেছে পুলিশ। তবে তেমন মূল্যবান জিনিস মেলেনি বলে জানিয়েছে টাঙ্গাইল সদর থানার পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, আদালত থেকে মালামাল জব্দের (ক্রোক) পরোয়ানা জারির আদেশের পরই সাংসদ ও তাঁর ভাইদের বাড়ি থেকে মূল্যবান অস্থাবর সব জিনিসপত্র সরিয়ে ফেলা হয়। তাই অভিযানে মূল্যবান কোনো মালামাল পাওয়া যায়নি। গতকাল দুপুরে ওই অভিযান চালানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুঁইয়া বলেন, শহরের কলেজপাড়ার পৈতৃক বাড়িতে থাকেন তিন ভাই সাংসদ আমানুর রহমান খান, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি সানিয়াত খান ওরফে বাপ্পা ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ওরফে কাঁকন। পাশেই সাংসদের আরেক ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান ওরফে মুক্তির বাড়ি। অভিযান চালিয়ে এই বাড়িগুলো থেকে একটি ফ্রিজ, আলমারিসহ কিছু পুরোনো আসবাব জব্দ করা হয়। এ সময় বাসায় সাংসদের বাবা আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।
কলেজপাড়া এলাকায় মামলায় অভিযুক্ত পলাতক অন্য আসামি আমানুরের ঘনিষ্ঠ সহযোগী আলমগীর হোসেনের বাড়িতেও অভিযান চালায় পুলিশ। সেখান থেকেও তেমন কিছু পাওয়া যায়নি। মালামাল জব্দ করতে পলাতক সব আসামির বাড়িতেই অভিযান চালানো হবে বলে সদর থানার ওসি জানিয়েছেন।
কয়েকজন এলাকাবাসী বলেন, আদালতের আদেশের পর কয়েক দিন ধরে আমানুর ও তাঁর ভাইদের বাড়ির মালামাল ভ্যানগাড়িতে করে সরিয়ে নেওয়া হয়।
ফারুক হত্যা মামলায় ১৬ মে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোলাম কিবরিয়া সাংসদ আমানুরসহ পলাতক ১০ আসামির বিরুদ্ধে হুলিয়া জারি এবং তাঁদের অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দেন। এর আগে গত ৬ এপ্রিল আদালত পলাতক আমানুরসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়ায় নিজ বাসভবনের সামনে থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন। ২০১৪ সালের আগস্টে এই মামলায় জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশ আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামের সাংসদ আমানুরের দুই ঘনিষ্ঠজনকে গ্রেপ্তার করে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে সাংসদ আমানুর ও তাঁর ভাইদের ফারুক হত্যায় জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। এরপর থেকে তাঁরা আত্মগোপনে রয়েছেন।
তদন্ত শেষে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান গত ৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে আমানুর, তাঁর তিন ভাইসহ ১৪ জনকে অভিযুক্ত করা হয়।