সাংসদ আমানুরের নির্দেশেই যুবলীগের দুই নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে ২০১২ সালে যুবলীগের দুই নেতা শামীম ও মামুনকে সাংসদ আমানুর রহমান খান রানার নির্দেশেই হত্যা করা হয়েছে বলে আদালতে দেওয়া জবানবন্দিতে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার হওয়া আরও একজন আসামি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে এ জবানবন্দি দেন হিরন মিয়া (৩৮)। তিনি টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার মৃত আমজাদ সরকারের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, গত বুধবার হিরন মিয়াকে বিশ্বাস বেতকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি ওই দুই যুবলীগ নেতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর গতকাল বিকেলে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুপম কান্তি দাস জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাঁকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তা ও আদালত সূত্র জানায়, হিরন মিয়া জবানবন্দিতে বলেন, মামুন ও শামীমকে সাংসদ আমানুর রহমানের নির্দেশে পলাতক আসামি মোর্শেদের নেতৃত্বে হত্যা করা হয়। এর আগে গত মার্চে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দুই আসামি সাহাদত হোসেন ওরফে সাধু (৪৫) ও খন্দকার জাহিদুল ইসলাম (৩৮) আদালতে জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে ওই হত্যাকাণ্ডে সাংসদ আমানুর ও তাঁর ভাই জাহিদুর রহমান খান কাকনের জড়িত থাকার অভিযোগ ওঠে।
পুলিশ জানায়, টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ শামীম (২৮) ও সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া (২৫) ২০১২ সালের ১৬ জুলাই নিখোঁজ হন। ওই দিনই দুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
নিহত দুজনের পারিবারিক সূত্র জানায়, এ হত্যাকাণ্ডের পর তাঁরা মামলা করার সাহস পাননি। তবে ২০১৩ সালের জুনে টাঙ্গাইল শহরে তুহিন নামে এক যুবক খুন হন। সেই ঘটনায় মামলা হলে বিশ্বাস বেতকা এলাকার আবদুর রহিমের ছেলে যুবলীগ নেতা মো. মোর্শেদ আত্মগোপন করেন। তখন নিহত যুবলীগ নেতা মামুনের বাবা আবদুল আজিজ (২০১৩ সালের ৯ জুলাই) টাঙ্গাইলের বিচারিক হাকিমের আদালতে মোর্শেদসহ ১৩ জনের বিরুদ্ধে মামুন ও শামীমকে হত্যা এবং লাশ গুমের অভিযোগ এনে মামলা করেন। এ মামলায় টাঙ্গাইল সদর থানা-পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। পুলিশ ২১ সেপ্টেম্বর মামলা নথিভুক্ত করে। তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)।
পুলিশ বলেছে, যুবলীগ নেতা বলে পরিচিতি পেলেও দলে মোর্শেদের কোনো পদ ছিল না। সাংসদ আমানুরের ঘনিষ্ঠ সহযোগী বলে তিনি পরিচিত ছিলেন। মোর্শেদের বিরুদ্ধে চারটি হত্যাসহ অন্তত ১০টি মামলা রয়েছে।