সাংসদ এনামুলকে দুদকের অব্যাহতি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে রাজশাহী-৪ আসনের সরকারদলীয় সাংসদ এনামুল হককে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি অভিযোগ তদন্তের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পরামর্শ দিয়েছে।
দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন আজ বুধবার প্রথম আলোকে এ তথ্য জানান।
দুদকের চেয়ারম্যান বদিউজ্জামান সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগটি নথিভুক্ত করার অনুমোদন দেন। একই সঙ্গে অভিযোগটি কর ফাঁকি-সংক্রান্ত বিষয়ে হওয়ায় এনবিআরের অধিভুক্ত বলে মত দেন।
তিন মাস আগে দুদকের অনুসন্ধান কর্মকর্তা যতন কুমার রায় সাংসদ এনামুলের বিরুদ্ধে মামলার অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন দিয়েছিলেন। প্রতিবেদনে সাংসদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও কর ফাঁকির অভিযোগ আনা হয়।
এই প্রতিবেদনের ব্যাপারে দুদকের দুই কমিশনার মো. সাহাবুদ্দিন ও নাসিরউদ্দিন আহমেদ পরস্পরবিরোধী অবস্থান নেন। মো. সাহাবুদ্দিন অভিযোগটি নথিভুক্ত করার পক্ষে অবস্থান জানান। নাসিরউদ্দিন আহমেদ সাংসদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেন। পরে কমিশনার নাসিরউদ্দিন তাঁর অবস্থান বদলে অভিযোগটি পুনরায় অনুসন্ধানের পক্ষে মত দেন।