সাংসদ এনামুলের বিরুদ্ধে মামলার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন পেশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানকারী কর্মকর্তা।
আজ মঙ্গলবার কমিশনের পরিচালক নূর আহমদের কাছে উপপরিচালক যতন কুমার রায় এ প্রতিবেদন দাখিল করেন।
দুদকের একটি দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে জানিয়েছে, সরকারদলীয় এ সাংসদের বিরুদ্ধে ২১৩ কোটি ৮০ লাখ টাকার সম্পদ গোপন এবং ২ কোটি ৮৮ লাখ টাকার জ্ঞাত আয়-বহিভূ‌র্ত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলার সুপারিশ করা হয়েছে।
সুপারিশে বলা হয়, সম্পদ গোপন এবং অবৈধভাবে সম্পদ উপার্জন করে দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় অপরাধ করেছেন এনামুল হক। ২৬ (২) ধারায় অপরাধ প্রমাণ হলে ৩ বছর এবং ২৭(১) ধারায় অপরাধ প্রমাণ হলে ৭ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।
সাংসদ এনামুলের বিরুদ্ধে সম্পদ গোপন ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধানকারী কর্মকর্তা যতন কুমার রায়। ওই দিন দুদক কার্যালয়ের নিচে সাংবাদিকদের কাছে এনামুল দাবি করেন, তাঁর কোনো অবৈধ সম্পদ নেই। দুদক কর্মকর্তা যতন কুমার রায় ওই দিন প্রথম আলোকে বলেন, ‘জিজ্ঞাসাবাদে সাংসদ নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে তিনি পরোক্ষভাবে স্বীকার করেছেন, তাঁর যথেষ্ট বেশি সম্পদ রয়েছে।’
এরপর ১০ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় এনামুল হকের প্রতিষ্ঠানের এক কর্মকর্তার নামে সাধারণ ডায়েরি (জিডি) করেন অনুসন্ধানকারী কর্মকর্তা যতন কুমার রায়। জিডিতে উল্লেখ করা হয়, এনামুল হকের বিরুদ্ধে প্রতিবেদন দিলে ‘হাওয়া’ করে দেওয়া হবে বলে এনা প্রপার্টিজের কর্মকর্তা কাঞ্চন দাস তাঁকে হুমকি দিয়েছেন।
দুদক সূত্র জানায়, এনামুল হক ও তাঁর স্ত্রী তহুরা হক মাত্র ৮ কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার সম্পদ বিবরণী দুদকে দাখিল করেন। কৌশলে এড়িয়ে যান তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কথা।
নবম জাতীয় সংসদের ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর হলফনামা নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে অনুসন্ধান শুরু করে দুদক। গণমাধ্যমে প্রকাশিত ৭০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদের হলফনামা ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া অস্বাভাবিক সম্পদের তথ্য থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, সাংসদ আসলামুল হক, এনামুল হক ও আবদুর রহমান বদির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নেয় দুদক । তাঁদের সঙ্গে বিএনপির দুই সাবেক সাংসদ শহীদউদ্দিন চৌধুরী ও মশিউর রহমান এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের বিরুদ্ধেও প্রাথমিক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
এর মধ্যে আব্দুল মান্নান খান, মাহবুবুর রহমান এবং আবদুর রহমান বদির বিরুদ্ধে সম্প্রতি রাজধানীর রমনা মডেল থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আসলামুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দেয় সংস্থাটি।