আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় সাংসদ আমানুর রহমান খান ও তাঁর ভাইদের জড়ানো হলে টাঙ্গাইল অচল করে দেওয়া হবে।
গতকাল বুধবার জেলা যুবলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ হুমকি দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, টাঙ্গাইলে আওয়ামী লীগের রাজনীতি দুর্বল করতেই এ ষড়যন্ত্র শুরু হয়েছে।
এর আগে সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সেখানেই সমাবেশে অংশ নেন নেতা-কর্মীরা। জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমানের (চঞ্চল) সভাপতিত্বে সমাবেশে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী অলিদ ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা প্রমুখ বক্তব্য দেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়।
ঘটনার তিন দিন পর ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।
গত ১১ আগস্ট পুলিশ আনিসুল ইসলাম রাজা এবং ২৪ আগস্ট মোহাম্মদ আলী নামে দুজনকে গ্রেপ্তার করে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ২৭ আগস্ট রাজা এবং ৫ সেপ্টেম্বর মোহাম্মদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তাঁরা আদালতে দেওয়া জবানবন্দিতে উল্লেখ করেন, এ হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সাংসদ আমানুর রহমান খান, তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান এবং অপর দুই ভাই ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান বাপ্পা জড়িত।