সাংসদ ও সম্পাদকের মনোনয়ন-বাণিজ্য?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঢাকার সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদের বিরুদ্ধে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সাভারে এক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদৌলা এ অভিযোগ তোলেন।
সাংসদ এনামুর রহমানের মালিকানাধীন এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে গতকাল সকালে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ওই সভা করা হয়। সভায় হাসিনাদৌলা ছাড়াও সাংসদ এনামুর, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
হাসিনাদৌলা প্রথম আলোকে বলেন, ‘ওই সভায় সাংসদ এনামুর রহমানকে আমি বলেছি, দুই জায়গা থেকে ব্যবসা করার জন্য আপনি ভালো প্রার্থী রেখে অযোগ্য প্রার্থীদের বাছাই করেছিলেন। একই অভিযোগে আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দারকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানিয়েছি।’
দলীয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাংসদ এনামুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার। অন্য পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদৌলা ও যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। সাংসদের ইচ্ছায় সাভারের ১২টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রথমে একটি তালিকা কেন্দ্রে পাঠানো হয়। এরপর হাসিনাদৌলার পক্ষ থেকে কেন্দ্রে আরেকটি তালিকা পাঠানো হয়। পরবর্তী সময়ে কেন্দ্র থেকে যাঁদের মনোনয়ন দেওয়া হয়, তাঁদের মধ্যে সাংসদের পছন্দের প্রার্থী রয়েছেন চারজন। আর হাসিনাদৌলার তালিকা থেকে প্রার্থী রয়েছেন আটজন।
গতকালের সভায় উপস্থিত থাকা দলের কয়েকজন নেতা বলেন, হাসিনাদৌলার তালিকা থেকে প্রার্থী হওয়া পাঁচজন সেখানে অভিযোগ করেছেন, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাঁদের নাম বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়েছিলেন। অবশ্য কেন্দ্রের হস্তক্ষেপে পরে তাঁরা মনোনয়ন পান।
জানতে চাইলে আলী হায়দার বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হয়েছিল। ওই বাছাইয়ে সাংসদ এনামুর রহমানেরও সম্মতি ছিল। তাঁর (সাংসদ) পছন্দের প্রার্থীও ছিল ওই তালিকায়। এটা দল থেকে কাউকে বহিষ্কার বা অবাঞ্ছিত ঘোষণা করার মতো কোনো কারণ হতে পারে না। তিনি বলেন, ‘যাঁরা আমাদের বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ করছেন, তাঁদের বিরুদ্ধেও বাণিজ্যের অভিযোগ রয়েছে।’
সাংসদ এনামুর রহমান বলেন, ‘আমি তো আর মনোনয়নের সঙ্গে যুক্ত ছিলাম না। তাই আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক নয়।’